Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দেয়াল ধসে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

চট্টগ্রামে দেয়াল ধসে নারীর মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ারা বেগম শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত ফজল আহমেদের স্ত্রী। আহতরা হলেন– শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড জামালপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো. রুবেল (৩০), শিকলবাহা ২ নাম্বার ওয়ার্ডের মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।

বিজ্ঞাপন

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘দেয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর