সিরাজগঞ্জ: সিরাগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বালসাবাড়ি পুকুরপাড় গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে উল্লাপাড়া থানার এসআই সারোয়ার হোসেন বলেন, ভোরে ঝড়ের সময় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে নিচে চাপা পড়ে নাছিমার মৃত্যু হয়। এ সময় ঘরে তার ২ শিশু সন্তান থাকলেও তাদের কিছু হয়নি। ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।