চট্টগ্রাম: জ্বালানি তেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খাতে ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে মালিকরা লোকসানের মুখে পড়ছেন উল্লেখ করে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সড়ক পরিবহন মালিকরা।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের জরুরি সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি প্রফেসর কফিল উদ্দিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আহাসান উল্লাহ চৌধুরী।
সভায় নেতৃবৃন্দ বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন পরিচালনায় প্রতিদিনের খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে টায়ার, লুব্রিকেন্টসহ বিভিন্ন যন্ত্রাংশের দামও বাড়ায় মালিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বর্তমান ভাড়া কাঠামো দিয়ে এই বাড়তি ব্যয় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা উল্লেখ করেন।
তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বাস্তবসম্মত ও উপযুক্ত হারে ভাড়া বৃদ্ধি এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সাম্প্রতিক গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। নেতারা বলেন, এ ধরনের ঘটনা পরিবহন খাতে অস্থিরতা তৈরি করছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
তারা এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সড়কে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক মো. শওকত আলী, মো. সৈয়দ হোসেন, মো. ফারুক খান, মোহাম্মদ আলাউদ্দিন, কাজী আনিসুর জামান সোহেল, এম মনসুর রহমান চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ রাশেদ, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ ইমরান হোসাইন, সুজন বিশ্বাস, মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোবারক হোসেন প্রমুখ।