রংপুর: হিমাগার মালিকদের একতরফা ও বৈষম্যমূলক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ জুন) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের মডার্ন মোড় এলাকায় আন্দোলনকারীরা সড়কে আলু ফেলে অবরোধ সৃষ্টি করলে যানজটের সৃষ্টি হয়। ভাড়া বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে তা পুনর্বিন্যাসের দাবি জানান তারা ।
আলু চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত বছরের তুলনায় চলতি বছর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বস্তায় ভাড়া ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা বর্তমানে দাঁড়িয়েছে ৪০০ থেকে ৪২০ টাকা। চাষিদের দাবি, এই ভাড়া অত্যন্ত অমানবিক এবং তাদের পক্ষে বহন করা সম্ভব নয় ।
রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক বলেন, ‘চলতি বছর আলুর সঠিক দাম না পাওয়ায় চাষিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। উৎপাদনে প্রতি কেজিতে প্রায় ২০ টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। তার ওপর হিমাগারের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি আমাদের জন্য অশনিসংকেত।’
তিনি আরও জানান, এই হারে ভাড়া বাড়লে সাধারণ কৃষকেরা আলু সংরক্ষণ করতে পারবেন না এবং তারা আরও বড় ধরনের লোকসানের মুখে পড়বেন ।
রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, দেশের অন্য সব এলাকার চেয়ে রংপুরে আলু সংরক্ষণের ভাড়া বেশি নেওয়া হয়। তিনি বলেন, ‘চলতি মৌসুমে আলুর সংরক্ষণ ব্যয় বস্তা প্রতি ছয় টাকার বেশি করলে কৃষকরা যেমন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সিন্ডিকেটের কারণে পরবর্তীতে বাজারে আলুর দাম বাড়বে; কিন্তু কৃষক কিছুই পাবেন না।’
আন্দোলনকারীরা হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে প্রতি বস্তা ভাড়া ২৮০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণের জোর দাবি জানান। এ সময় কৃষক প্রতিনিধি, ব্যবসায়ী ও হিমাগার মালিকসহ সংশ্লিষ্ট দফতরের সমন্বয়ে আলোচনার মাধ্যমে পুনরায় হিমাগার ভাড়া নির্ধারণের দাবি জানান তারা । দাবি অবিলম্বে মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, রংপুর উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং আলু উৎপাদনের জন্য দেশে বিশেষভাবে পরিচিত । রংপুর জেলা ও বিভাগের অর্থনীতিতে আলুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় চাষিরা যেমন লোকসানের মুখে পড়েছেন, তেমনি হিমাগার ভাড়া বৃদ্ধি তাদের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।