Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৪:৫১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:১২

চট্টগ্রামে শিশুদের দেওয়া হচ্ছে টিকা।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) নগরীর মেমন-২ চসিক জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন। মাসব্যাপী এ ক্যাম্পেইন ২০ মে ২০২৬ পর্যন্ত চলবে।

উদ্বোধন অনুষ্ঠানে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. তপন কুমার, ডা. খাদিজা আহমেদ, ডা. আব্দুল মজিদ শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিন জানান, এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

চসিক সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে সাতটি জোনের ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন চালু থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের জন্য অভিভাবকদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন সফল করতে এরইমধ্যে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুতকরণ, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, মাইকিং ও গণসচেতনতা কার্যক্রম।

উল্লেখ্য, এই কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ, গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর