Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌ পরিবহনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৩

নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

চট্টগ্রাম: নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তারা সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।’

তিনি ক্যাডেটদের নিয়ে বলেন, ‘তারা জাতির সম্পদ এবং বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন। যারা সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন।’

বিজ্ঞাপন

ক্যাডেটদের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, ‘জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে ‘

তিনি মন্তব্য করেন, ‘পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলভাগ, যা একসময় ছিল দুর্গম; তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।’

এ ছাড়াও কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, ‘দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে এরইমধ্যে হাজারও দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এ সময় পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর