Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২৫ এপ্রিল বসছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর

স্টাফ করেসপন্ডেট
১৭ এপ্রিল ২০২৬ ১৪:৫৮

বলী খেলা উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা।

চট্টগ্রাম: আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলী খেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই উৎসবকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের মেলা ও বলী খেলাকে ঘিরে মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার স্থাপন, ফুট পেট্রোল ডিউটি, রুফটপ ডিউটি এবং সিসিটিভি নজরদারি।

বিজ্ঞাপন

এ ছাড়া, নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম এবং বিশেষ রিজার্ভ পুলিশ মোতায়েন করা হবে। মেলার সময় কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই, অশ্লীল গান-নৃত্য এবং জুয়ার আসর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জনদুর্ভোগ কমাতে সিএমপি সদর দফতর থেকে জেলা পরিষদ মার্কেট হয়ে সিনেমা প্যালেস এবং কোতোয়ালী থানা সড়ক পর্যন্ত এলাকা যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এই সড়কগুলোতে কোনো মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার এলাকায় ড্রোন ওড়াতে হলে সিএমপির পূর্বানুমতি নিতে হবে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে মেডিকেল টিম এবং অগ্নিনির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি লালদিঘী মাঠে প্রস্তুত থাকবে।

আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং মেলার পার্শ্ববর্তী মুসলিম হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ২৬ এপ্রিল ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের বলী খেলার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।

সমন্বয় সভায় সিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ ছাড়াও আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল এবং র‍্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।