Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২২:৩০

সাপরিনা জান্নাত মাহিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে সাপরিনা জান্নাত মাহিরা নামের দুই মাসের এক কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ ওঠেছে শিশুটির বাবা ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাপরিনা জান্নাত মাহিরা ওই বাড়ির ওসমান গণি ও সুমাইয়া আক্তার দম্পতির কন্যা শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শিশুটির পিতা তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। চা আনতে দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওসমান গণি তার স্ত্রীর কোল থেকে কন্যাশিশুকে কেড়ে নিয়ে আছাড় দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

এ সময় পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এ খবর শোনার পর ঘাতক পিতা ওসমান গনি পালিয়ে যায়।

খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে নিহত শিশু মাহিরার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশু মাহিরার চাচা রোমানকে কে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর