চবি: নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে, উৎসবের আমেজে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়। তারপর কাটা পাহাড় সড়ক হয়ে জারুলতলায় এসে শেষ হয়।
এ সময় বর্ণিল মুখোশ, নান্দনিক প্ল্যাকার্ড, আর ঐতিহ্যের প্রতীক পেঁচা, মাছ ও ঘোড়ার মোটিফ নিয়ে শিক্ষার্থীদের শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। তারপর ঢাকের তালে তালে ‘এসো হে বৈশাখ’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
শোভাযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতারসহ বিভিন্ন অনুষদের ডিনরা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।