Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৬:২০ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:৫৭

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল, সোনার গহনাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ জানায়, গত সোমবার রাত ১টা ৩০ মিনিটে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় আহমদ হোসেন বাবুলের দুইতলা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল সিঁড়িঘরের ওপরের ফাঁকা স্থান দিয়ে বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা নগদ অর্থ, সোনার গহনা, এমিটেশন গহনা ও মোবাইল ফোন লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করা হয়। পরে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে একটি লকেটসহ চেইন, এক জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, তিনটি ব্রেসলেট, একটি হাতঘড়ি, নগদ ৪ হাজার ৯৮৪ টাকা, একটি রেডমি মোবাইল ফোন এবং একটি স্ক্রু ড্রাইভার, প্লাস ও রেঞ্চসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারদের একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত বর্তমানে পলাতক রয়েছে। তিনি দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে এ ডাকাতির পরিকল্পনা করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল আহমেদ জানান, ঘটনার দিন সকালে আসামিরা বিভিন্ন যানবাহনে চট্টগ্রামে এসে সন্ধ্যার পর আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয়। পরে রাত ১১টার দিকে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে গভীর রাতে পরিকল্পিতভাবে ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় রাউজান থানায় দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

আরো