চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে আপন ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে পুড়ে মারা যাওয়া দু’জন হলেন- লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তার। তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘বিকালে বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় আগুনে দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’