ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো তথ্য অনুযায়ী, আজ রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
রোববার (২৩ আগস্ট) সকালে প্রকাশিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সাথে এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানানো হয়েছে। ঢাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রার পরিমাপ ও আর্দ্রতা সম্পর্কে আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যে জানা গেছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সকাল ৬টায় রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।