ঢাকা: জেলার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৮ জুন) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই-১ উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার সম্পূর্ণ শাটডাউনে থাকবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকাসহ ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আবশ্যিক এই সংস্কার ও তার পরিবর্তন কার্যক্রমের অংশ হিসেবেই ধামরাই উপকেন্দ্রের নির্দিষ্ট এই ৫টি ফিডারে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।