ঢাকা: ঈদের ছুটি ও টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকা এবং ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বায়ুর মানে গত কয়েক দিনে লক্ষণীয় উন্নতি হয়েছিল। কিন্তু বৃষ্টি না হওয়ায় এখন আবারও শহরের বায়ু দূষণ বাড়ছে।
বুধবার (৩ জুন) দুপুর ২টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই তালিকায় ৯১ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে। শহরটির বর্তমান বায়ুর মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় রাজধানীতে যানবাহন ও নির্মাণকাজ কমে যাওয়া এবং অধিক বৃষ্টিপাতের কারণে বায়ুদূষণ তাৎক্ষণিকভাবে অনেকটা কমে এসেছিল। টানা বৃষ্টির ফলে ধুলাবালি দূর হওয়ায় ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে ছিল। তবে বর্তমানে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার দূষণের মাত্রা বাড়ছে। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বলেন, শীতকালে তাপমাত্রা কম থাকা এবং বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। এর ফলে এই সময়ে সাধারণত ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তিদের মতো সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে।
একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তাই এই সময়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘসময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।