Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে দেওয়ানবাগ শরীফে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০০:২৮

ঢাকা: রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দেওয়ানবাগ শরীফ।

শুক্রবার (২২ মে) দুপুরে বাদ জুমা আরামবাগের বাবে রহমত দেওয়ানবাগ শরীফের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, নির্বাচিত সরকার দায়িত্বে আসার পরও মাজার-দরবার ও সুফিপন্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া চরম দুঃখজনক বিষয়। আল্লাহর অলীদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। তাদের মাজার-দরবারে হামলা মানে ইসলামের ওপর আঘাত করা।

মাজার কেন্দ্র করে একটি অসাধু শ্রেণির অসামাজিক কার্যকলাপের নিন্দা জানিয়ে তারা বলেন, আল্লাহর অলীদের মাজার-দরবার পবিত্র স্থান। এখানে সমাজবিরোধী কোনো কার্যক্রম হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সমাধানের আহবান।

বিজ্ঞাপন

দেওয়ানবাগ শরীফের সমন্বয়ক ও মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, এই দেশ শুধু ওয়াহাবিদের হবে না, আবার শুধু সুন্নিদের হবে না। এই দেশে সবাই শান্তিতে বসবাস ও যার যার ধর্ম পালনের সমান অধিকার রাখেন। আউলিয়াদের মাজার ও সুফিপন্থীদের ওপর হামলা আশেকে রাসুলরা নীরবে মেনে নেবেন না।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, প্রতিটি অলী-আল্লাহর মাজার আমরা দেওয়ানবাগ শরীফ পাহারা দেব। আপনারা আর কোনো অলীর মাজারে হামলা করার দুঃসাহস দেখাবেন না।

বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আফতাব আলম জিলানী বলেন, কোনো সুফির দরবারে শিশু নির্যাতন, নারী নির্যাতনের ঘটনা ঘটেনি। কিন্তু যেসব প্রতিষ্ঠান থেকে দরবার-মাজারে হামলায় নেতৃত্ব দেওয়া হয় সেখানে প্রতিনিয়ত শিশুরা যৌন নির্যাতনের পাশাপাশি নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এই দুশ্চরিত্রবানদের হাতে আমরা শান্তিপ্রিয় সুফিরা আর নির্যাতিত হব না। হযরত শাহজালাল (রহ.) শিক্ষা নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

এসময় আরও বক্তব্য দেন- দেওয়ানবাগ শরীফের সহকারী মুখপাত্র মো. জহিরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ শিবলী নোমান ও ইসলামী বক্তা আলহাজ মাওলানা সাব্বির আহমাদ ওসমানী।

এর আগে, গত ১৪ মে বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক জলসা চলাকালে শাহ আলী মাজারে ‘তৌহিদি জনতা’ পরিচয়ে দুর্বৃত্তরা হামলা করে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত সারা দেশে শতাধিক মাজার-দরবারে হামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর