ঢাকা: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুলশান সোসাইটির সদস্যরা। এ দাবিতে শুক্রবার (২২ মে) দুপুরে তারা গুলশান-২ গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধার নেতৃত্বে এ কর্মসূচিতে সোসাইটির সদস্যরা ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, যুগ্ম সচিব জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ, নারী ও শিশু বিষয়ক চেয়ারম্যান কামরুন্নাহারসহ অনেকেই বক্তব্য দেন।
গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা বলেন, ‘এ ধরনের ঘটনায় আমরা শোকে মূহ্যমাণ। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবজাতির জন্য একটা কলঙ্ক। এ ধরনের ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের সন্তানদের জন্য। এ ধরনের অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না।’
তিনি আরও বলেন, ‘এই জঘন্য অপরাধে সরকার এবং বিচার বিভাগের কাছে ‘আমরা গুলশান সোসাইটি’র পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি নই।’
এছাড়া মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে পুলিশ গ্রেফতারও করেছে।