Wednesday 20 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ ঘিরে লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান ডিএমপির

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৫:৪৯

সংবাদ সম্মেলন।

ঢাকা: ঈদ-উল-আযহাকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য এবং বড় অংকের আর্থিক লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’-এ ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। অপরাধী যে-ই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’

বিজ্ঞাপন

মোসলেহ্ উদ্দিন বলেন, ‘ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ আমাদের দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রায় ৩ কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধসমূহের বিরুদ্ধে গত ১ মে থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। সাইবার হ্যাকিং ও সাইবার বুলিং, অনলাইন জুয়া ও প্রতারণাসহ অনলাইনভিত্তিক অপরাধসমূহ প্রতিরোধে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিএমপির সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকার অন্যতম প্রধান সমস্যা ট্রাফিক জ্যাম। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য-নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আমরা এরইমধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তিনির্ভর করেছি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে সড়কে আইন মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

কমিশনার বলেন, ‘নাগরিকদের অনলাইন জিডি করার সুবিধাসহ সকল ধরনের অপরাধের তথ্য শেয়ার করার জন্য ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেলে অবস্থানকারী সন্ধিগ্ধ ব্যক্তি ও অপরাধী শনাক্তকরণের নিমিত্তে ‘হোটেল বোর্ডার সিস্টেম’সহ বেশ কিছু প্রযুক্তিনির্ভর অ্যাপস চালু করা হয়েছে। ডিএমপিকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, ‘আসন্ন ঈদে কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরীর নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মতবিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ। চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার এই বিশাল জনসমষ্টির নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের একার পক্ষে অত্যন্ত কঠিন। আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় কোনো ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক কারবারি কিংবা চাঁদাবাজের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, পুলিশ তড়িৎ ব্যবস্থা নেবে। পুলিশের কোনো সদস্য যদি ব্যবস্থা নিতে বিলম্ব করে, তার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।’

মিট দ্যা প্রেসে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর