Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৮:১০ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২২:৩০

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে মধ্য বাড্ডা বৈশাখী সরণি জামান সাহেবের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে বাড্ডা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিদ্যুতায়িত হয়ে নিহত ওই যুবকের নাম জহিরুল ইসলাম আকাশ (২২)। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি থানার নাগেরগাঁও গ্রামে। তার বাবার নাম মৃত রফিকুল ইসলাম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় থাকত সে। এ ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ভোর সোয়া ৫টার দিকে পাকা রাস্তার ওপর বিদ্যুতের খুঁটির নিচে মৃত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে।

বিজ্ঞাপন

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরে ওবায়দুল ইসলাম নামে এক বাড়িওয়ালার বাড়ির বিদ্যুতের লাইন চলে গেলে তিনি রাস্তায় বের হন। এ সময় তিনি দেখতে পান খুঁটির নিচে ওই যুবক মৃত অবস্থায় পড়ে আছে। তার পাশে তার কাটার যন্ত্র এবং খুঁটির উপরে ওবায়দুল ইসলামের বাড়ির তারটি কাটা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

এসআই মেজবাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর