ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী।
সোমবার (৯ মার্চ) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মিরপুর-২ নম্বরে এলএ প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। তবে মারা যাওয়া নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।’
এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার পর ১১ তলা ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দু’টি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। এই সময়ের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন অফিসার শাজাহান সিরাজ বলেন, বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। টার্ন টেবল ল্যাডার ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।