Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১০:৩৭

দোকানের ভেতর পুড়ে যাওয়া মালামাল।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ছয়টি দোকান। এতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পৌজান বাজারের সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান, বাবু মিয়ার টেলিভিশন মেকানিকের দোকান, আব্দুল কাদেরের জুতার দোকান, রাজীব কুমারের সেলুন, সোহেল রানার মুরগির ফিডের দোকান এবং সাধন চন্দ্র সাহার মনোহরি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রাত ১২টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ১০ মিনিট সময় লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আরও যাচাই করা হচ্ছে।