Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজার থেকে নোয়াখালীতে ঘুরতে এসে ২ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১১:৫৮

আটক ২ রোহিঙ্গা।

নোয়াখালী: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা কিশোর-কিশোরী।

শনিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল (১৭) এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। শনিবার রাত ৯টার দিকে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এর একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান। পরে এলাকা থেকে চলে যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) সকালে তাদের পুনরায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে রোহিঙ্গা নারী ও যুবককে আটক করা হয়। পরে রোববার সকালে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর