সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবনগাঁও এলাকার ওই শিশুর প্রতিবেশী মরম আলী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় তিনি প্রায়ই শিশুটিকে কোলে নিয়ে আদর করতেন। রোববার শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির মা ঘটনাটি দেখে ফেললে মরম আলী পালিয়ে যান।
পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পরদিন সোমবার (১৭ আগস্ট) শিশুটির বাবা মরম আলীকে আসামি করে ছাতক থানায় মামলা করেন। পরে ওই দিন গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলী হোসেন বলেন, ‘পরিবারের কাছ থেকে আমরা শুনেছি, মরম আলী এর আগেও শিশুটির সঙ্গে খারাপ আচরণ করেছেন। ওই দিন শিশুটিকে ধর্ষণের সময় তার মা দেখে ফেলেন। থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে।’
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’