সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এছাড়া আরও দুটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী, ঘটনাটি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, রাতে বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন। হামলার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি।
তিনি বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান।
এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত তাদের খুব শিগ্গিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। যদিও রাতের অন্ধকারে রেখে গেছে তবুও যারা করেছে পার পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।