Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে ৩২ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

লোকাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২২:০০

উদ্ধার করা বিষ্ণুমূর্তি

হিলি: দিনাজপুরে র‍্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, (১১ আগস্ট) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালি থানাধীন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাতরা গ্রামে অভিযান চালানো হয়। র‍্যাব-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এবং দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) যৌথভাবে এ অভিযান চালান।

বিজ্ঞাপন

অভিযানে ৩২.১৫ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩২ দশমিক ৫ ইঞ্চি এবং প্রস্থ ১৩ দশমিক ৫ ইঞ্চি। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় চাতরাপাড়া গ্রামের মো. পারভেজ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের সঙ্গে যোগসাজশে মূল্যবান পাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার পারভেজ মন্ডলের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মূর্তি ও অন্যান্য আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।