নওগাঁ: নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আতিকুর উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। পরে সকালে স্থানীয়রা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’