Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় সাপের কামড়ে ওঝার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১১:৪২

মরদেহ। প্রতীকী ছবি।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর গোখরা সাপের কামড়ে আজাদুল ইসলাম ওরফে ঘুটু (৩০) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর প্রায় ৭ ঘণ্টা ঝাড়ফুঁক করা হয় তাকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে আজাদুল ইসলামকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে প্রতি মঙ্গলবার পাতা খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলা উপলক্ষ্যে সোমবার বিকেলে আজাদুল ইসলাম কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে নিজ বাড়িতে সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ সেটি তাকে কামড় দেয়।

বিজ্ঞাপন

এরপর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে বিষ নামানোর জন্য উপজেলার শিবসমুদ্র এলাকায় অন্য এক ওঝার কাছে নিয়ে যায়। সেখানে প্রায় ৭ ঘণ্টা ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়।

পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে স্বজনদের রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এরপর রাত ১১টার দিকে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন প্রামাণিক। তিনি জানান, রোগীকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু হাসপাতালে আনার প্রায় দুই ঘণ্টা আগেই ওই রোগীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, ‘আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবার এলাকায় পাতা খেলা অনুষ্ঠানে বড় আকারের একটি সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল তার। সেই উদ্দেশ্যেই নতুন ধরা সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই ঘটনা ঘটে।’

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদার রহমান বলেন, ‘সচেতনতার অভাবে আমাদের দেশে অনেকে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের স্বজনেরা হাসপাতালে না এনে প্রথমে ওঝার কাছে নেন। অনেক সময় বিষধর সাপ না হলে কোনো চিকিৎসা ছাড়াই ওই রোগীরা সুস্থ হয়ে যান। ফলে স্বজনেরা ভাবেন, ওঝার ঝাড়ফুঁকে ভালো হয়ে গেছে। বিপদটা তখনই হয়, যখন বিষধর সাপে কামড়ায়। তাই রোগীকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব হাসপাতাল আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রোগীর চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর