পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক হোসেন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে এ কিশোরের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও এর সত্যতা যাচাই করছে তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার পরপরই পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘দিঘি থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’