পটুয়াখালী: মৎস্যবন্দর মহিপুরে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের নাইউররিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মিলি আক্তার মায়ার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি একই এলাকার নাঈম (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলার খোরশেদ আলম এর মেয়ে।
মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তার এই দুই বছর যাবৎ সংসার করে আসছিল। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যায়নি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পাওয়া গেলে প্রকৃত ঘটনা পাওয়া যাবে।