Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বন্যার পানিতে ভেসে এলো নারীর অর্ধগলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৯:২৬

মরদেহ। প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ চেষ্টার পরও তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঘব-গেন্দুরাম এলাকার মাঝামাঝি ‘মাইডেলের সোতা’ নামক স্থানে একটি কাঠের সাঁকোর নিচে ভাসমান মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজার নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) জুলিয়াস রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উদ্ধারের সময় মরদেহের চেহারা বিকৃত থাকায় ঘটনাস্থলে উপস্থিত কেউই তার পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরিচয় শনাক্তের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের তথ্য ও ছবি প্রচার করা হলেও কোনো স্বজনের সন্ধান মেলেনি।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সেলিম রেজা জানান, টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যার পানিতে মরদেহটি উজান থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনে সিআইডি ও পিবিআই-এর সহায়তা নেওয়া হবে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ গাইবান্ধা শাখার মাধ্যমে জেলা পৌর কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর