Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:৩১

ফরিদপুর জজ কোর্ট

ফরিদপুর: জেলায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) ৩টায় ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ফরহাদ হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। পার্শ্ববর্তী ভাঙ্গা এলাকাধীন একটি বাজারে তার বাবার দোকান রয়েছে। ওই কিশোরী প্রতিদিনের মতো তার বাবার জন্য খাবার দিয়ে ফেরার পথে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর অপহরণের শিকার হয় এবং তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা ২৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অপহরণের অভিযোগ করেন এবং ফরহাদের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত ফরহাদ বালুবাহী ট্রলারে কাজ করত এবং ভাঙ্গাসহ আশপাশের এলাকায় সরবরাহ করতো। সেই সুযোগে অভিযুক্ত যুবক ভুক্তভোগী ওই কিশোরীকে বাবার দোকানে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় কিশোরীর বাবা প্রতিবাদ করায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কিশোরীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।

এর মধ্যে ঘটনার দিন সকাল ৮টায় বাবার জন্য খাবার নিয়ে যায় ওই কিশোরী। পরে তার বাবা ওই খাবারের বাক্সে আড়াই লাখ টাকা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। ওই টাকা নিয়ে ফেরার পথে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ওই যুবক।

রায়ের সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘এ মামলায় ২০১৬ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপহরণ করে ধর্ষণের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রায় ঘোষণা করেছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর