Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে পরীক্ষা শেষ, একসঙ্গে মৃত্যু / জাফলংয়ে ঘুরতে গিয়ে ফেরার পথে ৩ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২৩:২৮ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২৩:৪৬

নিহত ৩ বন্ধু।

সিলেট: জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত তিনজনই একই বিদ্যালয়ের সহপাঠী বলে জানা গেছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরীক্ষা শেষ হওয়ার পর তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিব আহমদের (১৬) মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় জাফলংয়ের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয়ও (১৬) মারা যান।

বিজ্ঞাপন

একসঙ্গে তিন সহপাঠীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বিদ্যালয়, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া শেষ হচ্ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর