কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিজয় ওই এলাকার মো. বিপ্লবের ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজয়ের বাড়ির গোয়ালঘরে গরুর খাবারের বড়ো পাত্রের ভেতর তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস এবং এগুলো কীভাবে তার কাছে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’