Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৪৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৪:১৮

উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কালাই পোড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৩০০ পিস ভারতীয় চকলেট বাজি, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬ হাজার ৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

একইদিনে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৭৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

এদিকে, সোমবার ভোর ৫টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ, ৯ লিটার দেশীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

সবমিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪৬ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা।

তবে এ সময় অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর