টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে নিখোজ হওয়ার তিনদিন পর পাটখেত থেকে শওকত মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটখেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।
শওকত উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটখেতে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশ শনাক্ত করে। পরে সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই আয়নাল মোল্লা বলেন, ‘গত তিনদিন ধরে তার ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিল। পরে দুপুর ১টার দিকে বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ পড়ে রয়েছে।’
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘এই ঘটনার মোটিভ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। তবে তদন্তের পর মোটিভ সম্পর্কে জানা যাবে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’