হিলি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল ইসলাম (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী (চণ্ডিদাসপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের দিলদার রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কামরুল ইসলাম বাড়ির পাশের একটি মাঠে জমির আইল বাঁধার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কামরুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৫:৪৮
২৯ জুন ২০২৬ ১৫:৪৮
সারাবাংলা/এআর