কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টেকনাফের লামার বাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা অবৈধ কারেন্ট জালের একটি বড় চালান টেকনাফ বাজারের কয়েকটি গুদামে মজুত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সকাল ৮টা ২০ মিনিটের দিকে লামার বাজার এলাকার চারটি গুদামে একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, থাইল্যান্ডে তৈরি এসব জাল মিয়ানমার হয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।
বিজিবি জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ, বিশেষ করে পোনা মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য কারেন্ট জালের ব্যবহার ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহার রোধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে।
আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধ্বংস কার্যক্রমে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক এবং নৌ-পুলিশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।