Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি বছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি: প্রতিমন্ত্রী ফরহাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৬:০৯

ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দিচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়: প্রতি বছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাজেটের পর তা বাড়েনি বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেটকে ঘিরে বিরোধী দলের আলোচনা-সমালোচনার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন। এই কল্পনা না থাকলে, স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।’

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ‘প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবারের বাজেটে এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।’

একই সাথে পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, মন্ত্রী মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল ও পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

পরে মন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন ও বাঁধের সম্ভাব্য এলাকা যাচাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর