হিলি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে রূপালি রানি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত রুপালি রানি ওই গ্রামের অরুণ চন্দ্র সরকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের একটি আমবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কদ্দুস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
তবে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মৃত্যুর রহস্য উদঘাটন এবং ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে।