Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে খাসজমিতে গড়ে ওঠা এসি-সিসিটিভি সংবলিত আস্তানা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৯:৪৯

আস্তানা উচ্ছেদ করার মুহূর্তে।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে সরকারি খাসজমি দখল করে নির্মিত এসি ও সিসিটিভি সংবলিত একটি আস্তানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য এ আস্তানা ব্যবহৃত হতো।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনাটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বেদে পল্লীর একটি ঝুপড়ি ঘরের আড়ালে ববিতা আক্তার সুমাইয়া (৩৫) দীর্ঘদিন ধরে ওই আস্তানা পরিচালনা করছিলেন। তাদের অভিযোগ, সেখানে মাদক ব্যবসার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ড চলত। দিন-রাত বহিরাগতদের আনাগোনার কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

গত রোববার (১৪ জুন) বিকেলে চাটখিল থানা পুলিশ ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় একটি এসির রিমোট, নজরদারির কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা এবং মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাতটি মাদক মামলার আসামি ববিতা আক্তার সুমাইয়া পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার মেয়ে ও ভাগ্নিকে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাসজমি দখল করে আস্তানাটি নির্মাণ করা হয়েছিল। একই স্থানের ওপর দিয়ে সরকারের একটি চারলেন সড়ক নির্মাণকাজও চলমান রয়েছে। অবৈধ দখল এবং বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা ববিতা আক্তার সুমাইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। চারলেন সড়কের উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে এবং এলাকাকে সামাজিক অপরাধমুক্ত রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর