কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মাদক, ভারতীয় চকলেট বাজি ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) রাত ৮টা ১৫ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৪ কেজি গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ১টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ হাজার ৪৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
এ ছাড়া, মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মিস্ত্রীপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৮০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
সবমিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৯০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি ভবিষ্যতেও আরও জোরালোভাবে টহল ও অভিযান পরিচালনা করবে।