Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ‘জোবাইক’ সেবা চালু

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ১২ জুন ২০২৬ ১৯:০৪

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাকসুর উদ্যোগে প্রাথমিকভাবে ১০টি ইলেক্ট্রিক বাইক নিয়ে পরীক্ষামূলকভাবে অ্যাপভিত্তিক বাইসাইকেল সেবা ‘জোবাইক’ চালু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হওয়া এ সেবা আগামী ৪০ দিন পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পরবর্তীতে ক্যাম্পাসে ১০০টি প্যাডেল বাইসাইকেল এবং ৫০টি ইলেক্ট্রিক বাইক যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জোবাইক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘জোবাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি চমৎকার সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তারা দায়িত্বশীলতার সঙ্গে এ সেবা ব্যবহার করবে বলে আমি আশা করি। জোবাইক এর আগেও ক্যাম্পাসে এসেছিল। এবার যেন পূর্বের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, ‘২০২৩ সালে শিক্ষার্থীরা জোবাইক চালুর দাবিতে পিটিশন করেছিল। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেছি। অবশেষে আজ আমরা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে পেরেছি। আগে শুধু প্যাডেল বাইক থাকলেও এবার ইলেক্ট্রিক বাইকও সংযোজন করা হয়েছে।’

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, ‘২০১৯ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে এ সেবা বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে আজ ক্যাম্পাসে জোবাইকের নতুন যাত্রা শুরু হলো।’

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা, জোবাইকের পরিচালক শরীফ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জোবাইক হলো স্মার্টফোনভিত্তিক একটি বাইসাইকেল শেয়ারিং সেবা। এ সেবা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এরপর কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাইক আনলক করে ব্যবহার করা যায়। সেবাটি গ্রহণের জন্য নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর