Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত।

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া শিশু তামিমের (৬) মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১০ জুন) বিকেল ৬টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর তামিমের বাবা শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। এর একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। খোঁজাখুজিঁর একপর্যায়ে বিকেল ৬টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্টগার্ড তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর