নাটোর: জেলার সিংড়া উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর মরিয়ম বেগম (৭৫) নামের এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার আগপাড়া শেরকোলের বন্দরবাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বেগম একই এলাকার বাসিন্দা মোজাহার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডোবার কচুরিপানার মধ্যে একটি বস্তা কুকুর টানাটানি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বস্তার মুখ খুলে ভেতরে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি নিখোঁজ মরিয়ম বেগমের বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, গত ২৬ মে মরিয়ম বেগমের মেয়ে মর্জিনা বেগম তার মায়ের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, মরিয়ম বেগম বাড়ি থেকে বন্দরবাজারে যাওয়ার পর আর ফিরে আসেননি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগের দিন (২৫ মে) মরিয়ম বেগমের সঙ্গে তার ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খোদেজা বেগমের পারিবারিক বিরোধ হয়। এ সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়েছিল।
এ ঘটনায় মরিয়ম বেগমের ছেলে শহিদুল ইসলাম ও পুত্রবধূ খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।