চাঁপাইনবাবগঞ্জ: জেলায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)-কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
সোমবার (৮ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত অভিযানে রহনপুরের নুনগোলা কেডিসি পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা গ্রেফতার হওয়া আব্দুস সাত্তারকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি গ্রেফতার হওয়া সাজেদা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান থাকবে।