হিলি: দিনাজপুরের বিরামপুর সড়কে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিনা খাতুন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দুপুরে বিরামপুর উপজেলার টাটাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা খাতুন পালপাড়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। আহত সিএনজিচালক হিলির জালালপুর গ্রামের আফজাল হোসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সেলিনা খাতুন তার সন্তানকে চিরিরবন্দরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রেখে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে টাটাকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের সিএনজিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সেলিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনার পর যাত্রীসহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সন্তানকে স্কুলে রেখে ফেরার পথে নিহত মা
লোকাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৮:১৮
৮ জুন ২০২৬ ১৮:১৮