Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ২১:২২

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাট: জেলার মোংলায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখন থেকে ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাসপাতাল ও এর চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

অভিযান শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল হাসপাতাল বা সরকারি দপ্তর পরিষ্কার রাখলেই চলবে না; উপজেলার প্রতিটি বাড়ির আঙিনা, ফুলের টব ও জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি না পেলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন বলেন, ‘মোংলা অঞ্চলে সম্প্রতি ডেঙ্গু রোগের প্রকোপ অনেক বেড়েছে। হাসপাতাল চত্বরকে মশামুক্ত রাখতে আমরা এখন থেকে প্রতি শনিবার নিয়মিত এই ক্র্যাশ প্রোগ্রাম বা পরিচ্ছন্নতা অভিযান চালাব। তবে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে কেবল আমাদের একার চেষ্টা যথেষ্ট নয়, সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা প্রয়োজন।’

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

উদ্বোধনের পর উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবী কর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার এবং জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর