Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২১:০০ | আপডেট: ৮ মে ২০২৬ ২৩:৩২

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী বুলবুল আহমেদ দীর্ঘ ১৫ বছর একই কর্মস্থলে থেকে নানান অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা বিএনপির সদস্য মাসুদ রানা, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, এনসিপির নেতারা, বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে নীলফামারীর সিভিল সার্জনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী বুলবুল আহমেদ আওয়ামী লীগ ঘরানার হওয়ায় গত ১৫ বছরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করেন এবং একাধিকবার বদলির আদেশ ঠেকিয়ে দেন। তার বিরুদ্ধে এমএসআর, পথ্য, স্টেশনারি ও ধোপি ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নিয়মবহির্ভূতভাবে ঠিকাদারি পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি পথ্য সরবরাহের দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দেওয়াকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ঠিকাদারদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনও অনুষ্ঠিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে বহিরাগতসহ ২৬ জন কর্মচারী পরিবার নিয়ে বসবাস করছেন। তাদের অধিকাংশের ক্ষেত্রে মূল বেতনের শতকরা হার অনুযায়ী বাসাভাড়া কেটে নেওয়া হচ্ছে না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেও অভিযোগকারীদের দাবি।

অভিযোগকারীরা উল্লেখ করেন, অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) ২০১৫ সালের ৮ জুলাই জারি করা এক পরিপত্রে কোনো কর্মচারীকে তিন বছরের বেশি একই কর্মস্থলে না রাখার নির্দেশনা দেন। তবে বুলবুল আহমেদের কয়েকবার বদলির আদেশ হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় এরইমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর