Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনায়েতপুরে আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২১:২০

গ্রেফতার আ.লীগ নেতা মহির উদ্দিন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মহির উদ্দিন (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এনায়েতপুর থানা পুলিশের একটি দল।

গ্রেফতার মহির উদ্দিন জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

এনায়েতপুর থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলায় মহির উদ্দিন এজাহারভুক্ত আসামি। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে অবৈধ সমাবেশ, দাঙ্গা, হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও সহযোগিতা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ আরও জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা, হত্যা এবং নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহির উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, যেসব আসামি এখনও পলাতক রয়েছে তাদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে। কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর