Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:২২ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

বাংলাদেশ-ভারত সীমান্ত।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) ভোরে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন ও একই এলাকার মো. শাহীন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুঠোফোনে বলেন, ‘স্থানীয়দের সহায়তায় দুইজন আহত ব্যক্তি আনুমানিক ভোর ৫টায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেওয়ার জন্য। তার মধ্যে একজনের পিঠে ও আরেকজনের হাতে গুলি লেগেছে। আমরা তৎক্ষণাৎ চিকিৎসা দিয়ে কালীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জকে (ওসি) জানায়। তিনি সরেজমিনে এসে তাদের দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করতে বলেন। আমরা পরবর্তীতে তাদের মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি।’

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, আহতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দু’জন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। পরে দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার ভোরের দিকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর