Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ২ সন্তানকে বিষপান করানোর অভিযোগ বাবার বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৭:২৬

জেলা হাসপাতাল, পিরোজপুর।

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় নিজের দুই সন্তানকে বিষমিশ্রিত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থান করছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন ছেলে ইয়াসিন (১৪) জানায়, তার বাবা তাকে দোকান থেকে চিনি আনতে পাঠান। পরে সেই চিনি দিয়ে শরবত তৈরি করে তাকে ও তার ছোটো বোন সামিয়াকে (৭) পান করান। শরবত পান করার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

সামিয়া জানায়, শরবত পান করার পর তার মাথা ঘুরতে শুরু করে এবং একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার ধারণা, শরবতের সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল।

স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলাম বলেন, ‘শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

শিশু দু’টির নানা আব্দুল করিম অভিযোগ করেন, সিরাজুল শিকদার পরিকল্পিতভাবে বিষ মিশিয়ে শরবত খাইয়ে সন্তানদের হত্যার চেষ্টা করেছেন। তবে এমন ঘটনার পেছনের কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল শিকদার। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি একাই সন্তানদের লালন-পালন করছেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ তুলেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশু দু’জন বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর